বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম এবং সংস্কার কর্মসূচি সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তোষ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ পরিস্থিতির কারণে নানা চ্যালেঞ্জ তৈরি হলেও বাংলাদেশ তার অর্থনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছে। বৈঠকে ব্যাংক খাতের সংস্কার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক নীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতের পুনর্মূলধনায়ন বা রিক্যাপিটালাইজেশন, ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মতবিনিময় হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কিছু পর্যবেক্ষণ থাকতে পারে, যা আলোচনার স্বাভাবিক অংশ। পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশের জন্য আইএমএফের সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হলেও প্রক্রিয়াটি এখনো চলমান। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন।
তিনি বলেন, আগামী কয়েক মাস ধরে আলোচনার মাধ্যমে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। আইএমএফ, বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীর সঙ্গে বাংলাদেশের কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারের সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো প্রশ্ন তুলেছে কি না—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারা এ ধরনের কোনো প্রশ্ন তোলেনি। সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি বাস্তবায়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা হবে।




SEO



