মাহফুজ আলম এবার মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে কাজে বাধাবিঘ্ন অভিজ্ঞতা নিয়ে

 


জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এবং সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবার মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে। বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি তাঁর সাবেক সহকর্মী ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করেছেন।

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সংসদে দেওয়া ‘আকুতি’র প্রসঙ্গ টেনে মাহফুজ আলম লেখেন, নিজের এলাকা রামগঞ্জ-লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য তিনি তৎকালীন ৪-৫ জন উপদেষ্টার কাছে একাধিকবার গিয়েও কোনো সহযোগিতা পাননি। এমনকি ডিও লেটার দিয়েও কাজ হয়নি। তাঁর দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাপে বা সিদ্ধান্তে ওই উপদেষ্টারা তাঁকে কোনো ধরনের সহযোগিতা করেননি।


আবেগী কণ্ঠে মাহফুজ আরও বলেন, ‘হাসনাত বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না। আর, আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ! খোদা তাঁদের মঙ্গল করুন।’ অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার নেপথ্যে থাকা অনেক সত্য এখনও আড়ালে রয়ে গেছে বলে তিনি ইঙ্গিত দেন।

শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, যে মাদ্রাসায় তিনি ৮ বছর পড়াশোনা করেছেন এবং তাঁর বাবা ১৫ বছর পরিচালনা করেছেন, সেই মাদ্রাসাটিও এমপিওভুক্ত হয়নি। এর কারণ হিসেবে তিনি একটি রাজনৈতিক দলের বিরোধিতার কথা উল্লেখ করেন। শেষে কিছুটা ব্যঙ্গাত্মক স্বরে তিনি নিজেকে ‘অযোগ্য’ উপদেষ্টা বলে আখ্যা দিয়ে সেই রাজনৈতিক দলের প্রভাবের দিকেই আঙুল তুলেছেন।

মাহফুজ আলমের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। পর্দার আড়ালের এই অজানা সত্যগুলো সামনের দিনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ